প্রধানমন্ত্রীর শপথে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন দাশো শেরিং তোবগে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি রাজধানীতে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলে জানিয়েছে বাসস।
ঢাকাস্থ ভুটান দূতাবাস, ঢাকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এ সফরে এসেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুষ্ঠানে তোবগের উপস্থিতি বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের অব্যাহত সমর্থন ও বন্ধুত্বের প্রতিফলন। পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে ভুটান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সফর ঢাকা ও থিম্পুর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করা হয়।
অন্যান্য বিদেশি অতিথিরা
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন একাধিক দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মুইজ্জু, ওম বিড়লা, আহসান ইকবাল, বালা নন্দা শর্মা, আবদুল্লাহ খলিল, নালিন্দা জয়াতিসা, সীমা মালহোত্রা, বেরিস একিনচি এবং বিক্রম মিশ্রি।
উল্লেখ্য, বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
A H M Hafizul Bari