*এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি*
সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসব নির্দেশনা কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠায়। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তাই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনাসমূহ:q
১. প্রতিটি পরীক্ষাকেন্দ্র ও কক্ষে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. নষ্ট বা অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে।
৩. ক্যামেরায় ধারণকৃত ভিডিও সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
৪. প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি রাখতে হবে।
৫. কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করতে হবে।
৬. কেন্দ্রসচিব ছাড়া কেউ পরীক্ষাকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
৭. পরীক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে, এবং নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষকের মাধ্যমে তল্লাশি করতে হবে।
৮. কেন্দ্রের প্রবেশদ্বারে পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা টানিয়ে দিতে হবে।
৯. পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে।
১০. শিক্ষা বোর্ডের সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
১১. কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে সমস্যা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
A H M Hafizul Bari