প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
বান্দরবান-রাঙামাটি সড়কে ১৩ দিন পর যান চলাচল শুরু

বান্দরবান-রাঙামাটি সড়কে ১৩ দিন পর যান চলাচল শুরু
প্রতিনিধি: বান্দরবান
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১: ১৭
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সেতু ধসে পড়ায় বান্দরবান-রাঙামাটি সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় ১২ জুলাই থেকে বন্ধ হয়ে যায় বান্দরবান-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল। সেতুর ধসে পড়া অংশটি নতুন করে নির্মাণের পর আজ শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে ১৩ দিন পর বান্দরবান-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
সেতুটির অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায়। তবে এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়টি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।
সাখাওয়াত হোসেন জানান, সেতুর যে অংশটি ভেঙে গেছে সেটির নির্মাণকাজ বৃহস্পতিবার রাতেই শেষ হয়েছে। তবে কিছু কাজ করার জন্য শুক্রবার কেবল অটোরিকশাসহ ছোটখাটো যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
সেতুটি শিলক খালের ওপর নির্মিত। ১২ জুলাই পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত এলাকার একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে। এরপর তীর ভেঙে সেতুটিতে আঘাত করে। এতে সেতুটির একাংশ ধসে পড়ে। সওজ কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সেতুটির সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট ভেসে গিয়েছিল। সেটি পুনরায় নির্মাণ করতে রাতদিন কাজ করতে হয়েছে।
বান্দরবান জেলার বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রীবাহী বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙামাটি থেকেও বান্দরবানে বাস আসবে। তবে যাত্রীদের অনেকেই এখনো বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি জানেন না। যার কারণে প্রথম দিনে সময়সূচি অনুযায়ী বাস ছাড়া সম্ভব না–ও হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv