প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা মৈকুলী এলাকার বি-ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। গতকাল ১০সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা এলাকায় শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
অবরোধপূর্বক আয়োজিত সভায় বক্তারা বলেন, বি-ব্রাদার্স গার্মেন্টসে দীর্ঘদিন ধরে বেতন ভাতা সংক্রান্ত সমস্যা চলে আসছে। গত জুন ও জুলাই মাসের অর্ধেক এবং আগস্ট মাসের সম্পূর্ণ বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কারখানার মালিকপক্ষ বিকেল তিনটায় বকেয়া বেতন আগামী ৭দিনের মধ্যে পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেয়।
শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, বি-ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকদের বেতন গতকাল বৃহস্পতিবার পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ করেননি। তাতে শ্রমিকরা কর্ম বিরতি দিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের বরপা মৈকুলী এলাকায় অবরোধ করে। এসময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাঁচটি টিম এবং রূপগঞ্জ থানা পুলিশের দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv