প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
হাতিয়ায় ভাগিনার লাঠির আঘাতে মামা নিহত।

হাতিয়ায় ভাগিনার লাঠির আঘাতে মামা নিহত।
হাতিয়া সংবাদদাতঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গাছের নারিকেল পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে দীপংকর চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ভাগিনা রুবেল চন্দ্র দাসকে অভিযুক্ত করা হয়েছে।
নিহত দীপংকর চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামের মথুরা চন্দ্র দাসের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারিকেল পাড়া ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দীপংকর চন্দ্র দাসের সঙ্গে তাঁর ভাগিনা রুবেল চন্দ্র দাসের বিরোধ চলে আসছিল। বুধবার সকালে গাছের নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় রুবেল চন্দ্র দাস একটি লাঠি (গোদা) দিয়ে তাঁর মামা দীপংকর চন্দ্র দাসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বিউটি রানী দাস অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল চন্দ্র দাস পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
অভিযুক্ত রুবেল চন্দ্র দাসকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv