প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর, অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা

কুষ্টিয়ায় আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর, অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা
কুষ্টিয়া প্রতিনিধি// এস এম বাদল
একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট, আর তাতেই পুড়ে ছাই তিনটি কৃষক পরিবারের সাজানো সংসার! কুষ্টিয়ার কুমারখালীর দক্ষিণ ভবানীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরসহ পুড়ে গেছে মূল্যবান মালামাল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় আগুনের ভয়াবহতা বেড়েছে। এ ঘটনায় চৌরঙ্গী বিদ্যুৎ স্টেশনের গাফিলতির অভিযোগ তুলে তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস ওভার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবায়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুরের বনিপুর গ্রাম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে পুড়ে ছাই ছয়টি বসতঘর। নিঃস্ব হওয়ার শঙ্কায় পড়েছেন তিনটি কৃষক পরিবার। ঘরবাড়ির পাশাপাশি পুড়ে গেছে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল। সব হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পরিবারগুলো।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আগুন লাগার পর সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। চৌরঙ্গী বিদ্যুৎ স্টেশনের গাফিলতির অভিযোগ তুলে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন যদুবায়রা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমারখালীর চৌরঙ্গী বিদ্যুৎ স্টেশনের সহকারী প্রকৌশলী সরদার। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া মুঠোফোনে যোগাযোগ করা হলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ের এজিএম (প্রশাসন) ও জেনারেল ম্যানেজার (জিএম) একইভাবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিভাগের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, শুধু তদন্তের আশ্বাস নয়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
একটি আগুন কেড়ে নিয়েছে তিনটি কৃষক পরিবারের মাথা গোঁজার ঠাঁই, পুড়িয়ে দিয়েছে তাদের স্বপ্ন আর সঞ্চয়। এখন প্রশ্ন—এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবে কে? বিদ্যুৎ বিভাগের তদন্তে কী উঠে আসে, আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আদৌ ক্ষতিপূরণ পায় কি না, সেদিকেই তাকিয়ে আছেন এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv