প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
১৫ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড

হাতিয়ায় ১৫ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ আমির হামজা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অবৈধ অপরিশোধিত পামওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পামওয়েল পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়া থানার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব পামওয়েল ও বোট জব্দ করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে পামওয়েলগুলো বহন করা হচ্ছিল। জব্দ করা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, জব্দ করা পামওয়েল ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv