প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
*অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে বিএমডিসির শোকজ*

সোমবার বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এই শোকজ করা হয়। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে ডা. খালিদুজ্জামানকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
বিএমডিসির নোটিশে বলা হয়, ডা. এসএম খালিদুজ্জামান তার প্রচারপত্র ও বিভিন্ন প্রচারমাধ্যমে নামের পাশে ‘এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলোজি অ্যান্ড প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক্স (ভারত)’ ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন—এমন অভিযোগ কাউন্সিলের কাছে আসে। অভিযোগটি আবদুল কাদের নামের একজন ব্যক্তি প্রচারপত্রের কপি সংযুক্ত করে দাখিল করেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়—এমন ডিগ্রি ব্যবহার করা রোগীদের সঙ্গে প্রতারণার শামিল এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার পর যাচাই-বাছাই করে দেখা গেছে, এমবিবিএস ডিগ্রির বাইরে ডা. খালিদুজ্জামানের কোনো অতিরিক্ত ডিগ্রি বিএমডিসিতে নিবন্ধিত নেই। এ কারণেই তাকে শোকজ করা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। লিখিত ব্যাখ্যা পাওয়ার পর আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে, শোকজ নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ডা. এসএম খালিদুজ্জামান বলেন, তাকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে। তিনি দাবি করেন, ক্লিনিক্যাল এমব্রায়োলোজি বিষয়টি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু নেই এবং এ খাতে দেশের বড় অংশের কাজ তার হাসপাতালেই সম্পন্ন হয়।
ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার কোনো পরিচয়পত্র বা হাসপাতালের অফিসিয়াল নথিতে ওই ডিগ্রি ব্যবহার করা হয়নি। তবে একটি প্রমোশনাল ভিডিওতে ডিগ্রিটি উল্লেখ করা হয়েছে, যা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের অনিচ্ছাকৃত ভুল। বিষয়টি গুরুতর নয় উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনে ডিগ্রিটির অনুমোদনের জন্য বিএমডিসিতে আবেদন করা হবে।
বিএমডিসি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ডা. খালিদুজ্জামানের লিখিত ব্যাখ্যা পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv