প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
*ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্ত যুবককে গণপিটুনিতে হত্যা*

নিহত নারী আমেনা বেগম (৪৫) স্থানীয় মুদি দোকানি বাবুল দেওয়ানের স্ত্রী। আর চুরি ও ছুরিকাঘাতের অভিযোগে গণপিটুনিতে নিহত যুবকের নাম মেহেদী ইসলাম (৩২)। তিনি একই উপজেলার বিরাব খালপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কয়েকদিন আগে বাবুল দেওয়ানের নতুন বাড়িতে টাইলস বসানোর কাজ করেছিলেন মেহেদী। কাজ শেষ হওয়ার চারদিন পর শুক্রবার বিকেল আনুমানিক তিনটার দিকে বাড়িটি ফাঁকা পেয়ে তিনি একটি মোবাইল ফোন চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকেন বলে অভিযোগ ওঠে।
এ সময় ঘরে থাকা আমেনা বেগম বিষয়টি দেখে ফেললে তাকে ছুরিকাঘাত করা হয়। গলায় গুরুতর জখম অবস্থায় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত মেহেদীকে ধরে ফেলেন। আহত আমেনা বেগমকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নারীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন অভিযুক্ত মেহেদীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তাকে বাবুল দেওয়ানের বাড়িতেই বেঁধে রাখা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নেয় এবং রাস্তায় ফেলে লাথি, কিল-ঘুষি ও ইট দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে টেনে নামিয়ে নির্মমভাবে মারধর করছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই এই ঘটনা ঘটে। আমরা পুরোপুরি কাস্টডিতে নেওয়ার সুযোগ পাইনি।”
তিনি আরও জানান, দুইটি মৃত্যুর ঘটনা প্রায় ৩০ মিনিটের ব্যবধানে ঘটেছে। উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নারী হত্যাকাণ্ড ও অভিযুক্তকে গণপিটুনিতে হত্যার ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv