
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সি-বিচ বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
টেকনাফে বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্টমার্টিন বিওপিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। এতে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতি ও কার্যকারিতা বাড়বে।
পরবর্তীতে বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সি-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন সি-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানে অবস্থানরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তা দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়। নতুন বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে সেন্টমার্টিন বিওপির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলো।