প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
হাদির বোন পরিচয়ে সমাবেশে বক্তব্য, ‘ভুয়া পরিচয়’ ঘিরে তোলপাড়

হাদির বোন পরিচয়ে সমাবেশে বক্তব্য, ‘ভুয়া পরিচয়’ ঘিরে তোলপাড়
ঢাকা-১১ আসনে জামায়াত সমর্থিত জোটের এক নির্বাচনী সমাবেশে শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই সমাবেশে তিনি প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তবে ঘটনার পরপরই শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাবেয়া ইসলাম শম্পা জানান, সমাবেশে বক্তব্য দেওয়া ওই নারী হাদির পরিবারের কেউ নন এবং তার পরিচয় সম্পূর্ণ ভুয়া। তিনি স্পষ্ট করে বলেন, শহীদ শরীফ ওসমান হাদি জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছিলেন।
পোস্টে রাবেয়া ইসলাম শম্পা আশা প্রকাশ করেন, কোনো রাজনৈতিক দল যেন নিজেদের স্বার্থে শহীদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার না করে। তবে তার আদর্শ অনুসরণে কারও প্রতি তাদের পরিবারের কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো যাচাই-বাছাই না করেই দলের স্বার্থে যে কাউকে হাদির পরিবারের সদস্য হিসেবে উপস্থাপন করছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রাবেয়া ইসলাম শম্পা বলেন, সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে তাদের মূল্যবান ভোট দেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে ভুল না করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv