প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলবক্স ভুঁইয়ার ঐতিহ্যবাহী বাড়ি ও ব্যবসায়িক কীর্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলবক্স ভুঁইয়ার ঐতিহ্যবাহী বাড়ি ও ব্যবসায়িক কীর্তি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় অবস্থিত শিল্পপতি গুলবক্স ভুঁইয়ার বাড়ি এখনো তার বংশধরদের আবাসস্থল। স্বাধীনতার আগে গুলবক্স ভুঁইয়া ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত ব্যবসায়ী এবং ধনী ব্যক্তি।
১৯৬৯-৭০ সালে বাংলাদেশের শীর্ষ ১০ ব্যবসায়ী পরিবারে এ কে খান পরিবার শীর্ষে ছিল, যার সম্পদের পরিমাণ আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা। এরই মধ্যে দ্বিতীয় স্থানে ছিল গুলবক্স ভূঁইয়া পরিবার, যার সম্পদের পরিমাণ ছিল সাড়ে ৬ কোটি টাকা। গুলবক্স ভূঁইয়ার পরিবার পাঁচটি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করত।
বাংলাদেশের বস্ত্র শিল্পে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলো ‘মসলিন কটন মিল’। ১৯৫২ সালে কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী গ্রামে শীতলক্ষ্যা নদীর তীরে ১০০ একর জমির ওপর পাকিস্তান ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (পিআইডিসি) প্রতিষ্ঠা করে এটি। ১৯৫৪ সালে উৎপাদন শুরু হলে স্পিনিং বিভাগে টাকুর সংখ্যা ৪৮ হাজার, বয়ন বিভাগে লুম সংখ্যা ৪৯৬, এবং ডাইং ও ফিনিশিং বিভাগে হাজার হাজার কাপড় উৎপাদন হত। মিলটিতে ২,৮০০ শ্রমিক, ২৭০ কর্মচারী ও ৩৫ কর্মকর্তা কর্মরত ছিলেন। দৈনিক গড়ে ১৫ হাজার টন সুতা এবং সোয়া লক্ষ মিটার কাপড় উৎপাদিত হত।
১৯৬৮ সালে রাষ্ট্র পরিচালিত মিলটি টেন্ডারের মাধ্যমে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হয়। রূপগঞ্জ থানার ভুলতা গ্রামের গুলবক্স ভূঁইয়া পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় মিলটির মালিকানা পান।
গুলবক্স ভুঁইয়ার পরিবার বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনের সাথে সম্পর্কিত। তাঁর চতুর্থ ছেলে সুলতান উদ্দিন ভূঁইয়া নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বড় ছেলে মজিবুর রহমান ভূঁইয়া ১৯৮৮ সালে জাতীয় পার্টির সময়ে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ছিলেন। ভাতিজা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মূল ভবনটি প্রথমে শ্রী নীলকান্ত রায়চৌধুরীর মালিকানায় ছিল। দেশ ভাগের সময় তিনি এটি ১৫,০০০ টাকায় গুলবক্স ভুঁইয়ার কাছে বিক্রি করেন। বর্তমানে এই ঐতিহাসিক বাড়িতে গুলবক্স ভূঁইয়ার বংশধররা বসবাস করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv