প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
স্ত্রীর পর রাজশাহীর সাংবাদিক কামাল মালিকও মারা গেলেন

স্ত্রীর পর রাজশাহীর সাংবাদিক কামাল মালিকও (৫৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তিনি মারা যান। ৩০ জানুয়ারি থেকে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল মালিক একধরনের রাসায়নিক পান করেছিলেন। তাঁর চার হাত-পায়েও জখম ছিল। গত ৩০ জানুয়ারি পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করেছিল। এরপর কয়েক দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। সোমবার দুপুরে তিনি সেখানেই মারা যান।
কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক ছিলেন। তিনি নগরের হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ৩০ জানুয়ারি ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় যায় পুলিশ। বাসাটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢোকে। তখন কামাল মালিককে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর তার স্ত্রী রওশন আরা (৫০) পড়ে ছিলেন মেঝেতে। তাঁর গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। পুলিশ দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে রওশন আরাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহের জেরে স্ত্রী রওশন আরাকে হত্যার পর কামাল মালিক আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের ধারণা। ঘটনার পরদিন কামাল মালিকের শ্যালক শাহাদত হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে কামাল মালিককে একমাত্র আসামি করা হয়। ঘটনার পর থেকেই কামাল মালিক পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।
নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, মৃত্যুর পর কামাল মালিকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কীভাবে ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে এখনো তদন্ত চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv