প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
সংসদে শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত এমপিরা

সংসদে শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত এমপিরা
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। দুপুর সোয়া একটার দিকে সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
শপথের পর এনসিপির নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে অংশ নেয় এনসিপি। এর আগে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা এদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। সংসদ ভবনে বিএনপির নির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটি অন্তর্ভুক্ত হয়নি।” হাতে সাদা ও নীল রঙের দুটি ফরম দেখিয়ে তিনি জানান, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে সন্নিবেশ করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের শপথ কে পাঠ করাবেন, সে বিষয়েও স্পষ্ট বিধান থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের ঘোষণা এলেও বিএনপির অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও তার সাংবিধানিক বৈধতা ঘিরে আগামী দিনে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv