প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
শুল্কমুক্ত গাড়ি–প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

শুল্কমুক্ত গাড়ি–প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা
ত্রয়োদশ জাতীয় সংসদে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। দলটির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে নবনির্বাচিত এমপিদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পরপরই বৈঠকটি হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে সরকারি সুবিধা পরিহারের সিদ্ধান্তের পাশাপাশি তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাঁদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ ও নৈতিক অবস্থান বিবেচনায় সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির নেতারা মনে করছেন, এর মাধ্যমে সাশ্রয়ী ও দায়িত্বশীল প্রশাসনের বার্তা দেওয়া সম্ভব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv