প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ ছুটি, ২৯ মার্চ খুলবে ক্লাস

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ ছুটি, ২৯ মার্চ খুলবে ক্লাস
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, টানা ছুটি শেষে আগামী ২৯ মার্চ রোববার থেকে আবার ক্লাস কার্যক্রম শুরু হবে।
ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে।
অন্যান্য নির্ধারিত ছুটি
বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। এছাড়া দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের জন্য সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
স্কুল ও মাদরাসার ছুটি
সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা থাকবে।
অন্যদিকে, মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv