প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান, ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান, ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য
নগরের সিটিহাট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক ভাঙচুরের শিকার হয়। দরজা-জানালা এমনকি দেয়ালের ইট খুলে নেওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটার দিকে ১২ থেকে ১৫ জন নেতা–কর্মী সেখানে যান। তাঁদের মধ্যে চারজন ক্যামেরার সামনে এসে স্লোগান দেন। দুজন মাস্ক ও একজন হেলমেট পরা ছিলেন। অপর একজনের মুখ খোলা ছিল। এ সময় তাঁদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা ছিল। পাশাপাশি দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছবি।
ভিডিওতে তাঁদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা যায়। পরে তাঁরা কার্যালয়ের ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন। রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত তাঁর ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশ-এর মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ নেই। পুলিশ দেখতে পেলে অবশ্যই ব্যবস্থা নিত।’
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv