প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
ভারত–বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে কাজ চলছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী

ভারত–বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে কাজ চলছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী
ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য ও শিল্প খাতে যৌথভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউজে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বৈঠকে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বৃদ্ধি, ব্যবসায়িক বাধা দূরীকরণ, পাট ও বস্ত্র খাতে বিনিয়োগ এবং শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, এ আলোচনা সিলেটের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতের সহকারী হাইকমিশনারও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকের আগে সহকারী হাইকমিশনার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন
এর আগে সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন মন্ত্রী। তিনি সরেজমিনে পণ্যের মান ও বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
সাংবাদিকদের তিনি জানান, টিসিবির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে। তিনি বলেন, টিসিবির পণ্য সরবরাহ শুধু একটি বিতরণ কার্যক্রম নয়, এটি জরুরি সেবা।
রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv