প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
রূপগঞ্জে ডিকেএমসি হাসপাতালে প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ, হাসপাতালের দাবি স্বজনদের অসাবধানতা

রূপগঞ্জে ডিকেএমসি হাসপাতালে প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ, হাসপাতালের দাবি স্বজনদের অসাবধানতা
রূপগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর সুমাইয়া আহমেদ বিন্দু (২০) নামে এক প্রসূতি নারীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে স্বজনদের অসাবধানতাকেই দায়ী করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা-গাউসিয়া এলাকায় অবস্থিত ডিকেএমসি হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার কাউছার আহমেদ জুয়েলের মেয়ে সুমাইয়া আহমেদ বিন্দুকে গত ২০ ফেব্রুয়ারি সিজারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশন সম্পন্ন হওয়ার পর রোববার সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। পরিস্থিতি স্বাভাবিক করার পর তারা ফিরে আসেন। পরে জানতে পারেন, উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছেন। তবে আর্থিক লেনদেনের বিষয়টি তার জানা নেই।
নিহতের চাচা জাহিদ আমির অভিযোগ করে বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণেই আমার ভাতিজির মৃত্যু হয়েছে। যেহেতু তাকে আর ফিরে পাব না, তাই সমঝোতার ভিত্তিতে মীমাংসা করে মরদেহ নিয়ে এসেছি।”
অন্যদিকে, ডিকেএমসি হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম দাবি করেন, অপারেশনের পর রোগীকে বেডে দেওয়া হলে স্বজনরা তাকে শোয়া অবস্থায় পানি ও রুটি খাওয়ান। এতে খাবার শ্বাসনালিতে ঢুকে যায়। পরে দ্রুত আইসিইউতে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে তার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। লিখিত অভিযোগ দায়ের হলে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv