প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
রূপগঞ্জে রক্ষাকালী মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

রূপগঞ্জে রক্ষাকালী মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রী রক্ষাকালী মন্দির-এ দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (মধ্যরাত) এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্দির কমিটির সভাপতি কালিপদ চন্দ্র দাস জানান, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ৮–১০ জন সশস্ত্র দুর্বৃত্ত লোহার পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে মন্দিরে প্রবেশ করে। তারা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা, চেয়ার, রান্নার পাতিল, বৈদ্যুতিক তার, লাইটসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে।
তিনি আরও জানান, হামলাকারীরা সরস্বতী প্রতিমার গায়ে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নেয়। পরে কেরোসিন বা মবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। ভাঙচুর ও আগুনের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
মন্দির কর্তৃপক্ষের দাবি, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাব এলাকার এক প্রভাবশালীর সঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। পূর্বেও হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে বলে তারা জানান।
স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর শাওঘাট ঋষিপাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv