প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আটক: পুলিশ

ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আটক: পুলিশ
বিশেষ প্রতিবেদক ঢাকা
রাজধানীর ধানমন্ডিতে আজ শুক্রবার সকালে ঝটিকা মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীসহ মোট আটজনকে আটক করে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত কয়েকটি প্ল্যাকার্ড জব্দ করা হয়।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী মিছিলটি বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যান।
মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনার কাজে ‘ব্যবহৃত’ একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv