প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
*সিংড়ায় মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা*

*সিংড়ায় মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা*
নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নিংগুইন এলাকায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিংড়া বাজারের সততা ট্রেডার্সের মালিক রুবেল হোসেন বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে ১ হাজার লিটারের ১০টি পানির ট্যাংক বসানো অবস্থায় পাওয়া যায়। এসব ট্যাংকে মোট প্রায় ১০ হাজার লিটার ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল।
পরে ব্যবসায়ী রুবেল হোসেনকে ঘটনাস্থলে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তেল মজুত করে রাখার বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে মজুত করা তেল সিংড়া বাজারে তার প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় এবং নির্ধারিত মূল্যে বিক্রির পরামর্শ দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, তেল সংরক্ষণের অনুমতি থাকলেও ব্যবসায়ী সঠিক নিয়ম অনুসরণ করেননি। বেআইনিভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করায় তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv