প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
**রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে যুবকের মরদেহ উদ্ধার**

**রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে যুবকের মরদেহ উদ্ধার**
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের খইসার গ্রামের নদীর পাড়ে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সেটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তির নাম রবিউল আউয়াল রবিন (২৫)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার যষ্ঠা সরদারপাড়া গ্রামের বাসিন্দা মনজুরুল কাদেরের ছেলে। জানা গেছে, তিনি নরসিংদীর পলাশ এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।
নৌ-পুলিশের ইছাপুরা ফাঁড়ির উপ-পরিদর্শক রঞ্জন কুমার জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রবিবার রাত থেকে রবিন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজতে নরসিংদীর পলাশ থানা, বিভিন্ন হাসপাতাল এবং কালীগঞ্জ থানায় খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে তার কর্মস্থলে গিয়ে স্বজনরা জানতে পারেন, শনিবার থেকেই তিনি অফিসে যাননি। এছাড়া তার মোবাইল ফোন ও মানিব্যাগ অফিসেই রেখে তিনি বের হয়ে গিয়েছিলেন বলে জানা যায়। পরে রূপগঞ্জ নৌ-পুলিশের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv