প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি ।।

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি ।।
নূর নবী,রুপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রপ্তানিমুখী পোশাক কারখানা ভুঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল ১১মার্চ বুধবার বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের খাদুন এলাকায় এ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়কের উভয়দিকে প্রায় ৮কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, এই কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। কিন্তু তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত বোনাস এখনো পরিশোধ করা হয়নি। কয়েক দফা আশ্বাস দেওয়া হলেও মালিকপক্ষ নানা অজুহাতে বেতন-ভাতা পরিশোধে টালবাহানা করে আসছিল। গতকাল বুধবার সকালে কারখানায় এসে তারা জানতে পারেন আগামী ১৮ মার্চ বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ মালিকপক্ষের সাথে কথা বলে আগামীকাল ১২মার্চ শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, রপ্তানিমুখী পোশাক কারখানা ভুঁইয়া ফেব্রিকসের শ্রমিকদের বকেয় বেতন ও বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে মালিকপক্ষ শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামীকাল ১২মার্চ দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv