প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 19, 2026 ইং
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত কখন কোথায়

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত কখন কোথায়
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল আটটায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে নয়টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শুক্রবার বা পরশু দিন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
প্রধান ঈদ জামাত প্রাঙ্গণে সব ধরনের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন করেছে সিটি করপোরেশন। ঈদ জামাতের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। গতকাল বুধবার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদুল ফিতরের চট্টগ্রামের প্রধান জামাত আয়োজনে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। ঈদুল ফিতরকে সামনে রেখে সাত দিন ধরে সিটি করপোরেশনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।
সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশ নেবেন। মুসল্লিদের কথা বিবেচনা করে দুটি ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, চট্টগ্রামে প্রধান ঈদ জামাতের জন্য প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এবার বৃষ্টির শঙ্কার কথা মাথায় রেখে ওপরে ত্রিপল দেওয়া হয়েছে, যাতে আবহাওয়া প্রতিকূল হলেও ঈদ জামাতে কোনো বিঘ্ন না ঘটে। এ ছাড়া প্রায় ২৫০টি পাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, ৫০টি মাইক রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য তিনটি ফটক রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিশেষ পদক্ষেপ নিয়েছে।
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ছাড়া নগরের লালদীঘির পাড়ে চসিক শাহি জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আরও কয়েকটি স্থানে জামাতের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকার জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকার জামে মসজিদ, আরেফিননগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv