প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 1, 2026 ইং
সহকারী জজ পরিচয়ে থানায় রাত কাটাতে গিয়ে আটক প্রতারক

সহকারী জজ পরিচয়ে থানায় রাত কাটাতে গিয়ে আটক প্রতারক
পাবনার ঈশ্বরদী থানায় নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ হাজির হওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ১০টার দিকে এই ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, ওই ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কক্ষে গিয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন এবং পুলিশি নিরাপত্তায় রাত যাপনের অনুরোধ করেন। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয়।
পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই শুরু করা হলে জানা যায়, তিনি কোনো বিচারক নন। ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে থানায় অবস্থান করছিলেন তিনি। আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তার বাড়ি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামে।
ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে চলে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন, তবে অনিয়মের অভিযোগে চাকরি হারান।
ঈশ্বরদী থানার ওসি জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv