প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে তিনি শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি বিপুল ভোটে বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
তিনি আরও বলেন, “দেশের নেতৃত্ব আমার প্রতি আস্থা রেখেছে। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।”
এদিকে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ৬৮২ জন ভোটার রয়েছেন। তারা পর্যায়ক্রমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তিনি আরও জানান, ভোট শুরুর প্রথম ৩০ মিনিটেই কয়েকশো ভোটার তাদের ভোট দিয়েছেন। কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা রক্ষায় তিনজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv