টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে উত্তেজনা, বহিষ্কারের দাবি
মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাংগাইল
টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর ঘটনাটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।জানা যায়, সম্প্রতিসামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে কলেজজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কলেজটির অধ্যক্ষ ওই শিক্ষিকার সঙ্গে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে।রোববার (২৯ মার্চ ২০২৬) এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা অধ্যক্ষের অবিলম্বে বহিষ্কার এবং তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, এমন ঘটনা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের জন্য বিরূপ প্রভাব সৃষ্টি করে।শিক্ষকরা নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা মানসিকভাবে চাপে রয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও স্বচ্ছ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি তোলে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভকারীরা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের বক্তব্য জানা যায়নি।ঘটনাটি নিয়ে শিক্ষা মহলে আলোচনা-সমালোচনা চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
A H M Hafizul Bari