*মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারি শহিদুল্লাহর মৃত্যু*
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকার পশ্চিম রামপুরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন। খামারের পাশে কিছু ব্যক্তি নিয়মিত মাদক বিক্রি ও সেবন করতেন। এ নিয়ে তাদের সঙ্গে শহিদুল্লাহর বিরোধ চলছিল। গত ১১ এপ্রিল দুপুরে খামার এলাকায় মাদক বিক্রিতে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। একই সময় তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পশ্চিম রামপুরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ১৩ এপ্রিল শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
A H M Hafizul Bari