রূপগঞ্জে ভোররাতে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোররাতে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর চারটার দিকে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তাকে, তার স্ত্রী তন্নী আক্তার এবং মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
তিনি আরও জানান, ডাকাতরা ঘরের আলমারিতে থাকা প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
একই সময়ে পাশের বাড়িতে লতিফ মিয়া নামে আরেক ব্যবসায়ীর বাসায়ও ডাকাতির ঘটনা ঘটে। সেখানেও ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
A H M Hafizul Bari