*শ্রীপুরে স্ত্রী হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর*
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ উদ্ধারের জন্য প্রতিবেশীকে ফোন করে অনুরোধ করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ঝর্ণা আক্তার একই এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের মেয়ে। প্রায় দুই বছর আগে পরিবারের অমতে অপু নামে এক যুবককে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে জংলাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঝর্ণার বাবা জানান, পরিবারের অমতে বিয়ে করায় মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। তিনি আরও জানান, ঝর্ণার স্বামী মিনিবাস চালক হিসেবে কাজ করতেন বলে তারা জানতেন।
বাড়ির মালিক লাভলী আক্তার জানান, ঘটনার দিন সন্ধ্যায় পূর্বের বাড়ির প্রতিবেশী তানিয়াকে ফোন করে ঝর্ণার মৃত্যুর খবর দেন তার স্বামী অপু। পরে তানিয়া এসে বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
A H M Hafizul Bari