কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক মজমপুরগেট, এনএস রোড ও থানারমোড় প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সুজা উদ্দিন জোয়ার্দ্দার এবং কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা এমপি মুফতি আমির হামজার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
A H M Hafizul Bari