ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের ছবির ক্যাপশন: আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের
ad728
আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

রোববার (দিবাগত রাত) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপির জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ দেখে একটি মহলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। সে কারণেই ভোটাধিকার হরণে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।
এর আগে কুমিল্লার দাউদকান্দিতে জনসভা শেষে রাত আনুমানিক দুইটার দিকে কাঁচপুরের জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। সেখানে তিনি প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের শ্রমজীবী মানুষের পরিবারের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত ৭ থেকে ১০ দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। কয়েক বছর এই কর্মসূচি চালু থাকলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের তালিকা করে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরকারিভাবে সরবরাহ করা হবে।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, গত দেড় দশকে এ এলাকায় বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদক স্পটগুলো নির্মূল এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বেকার তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, জেলাভিত্তিক কারিগরি ও ভাষা শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শহরের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, নদী–নালা ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিএনপি সরকার গঠন করলে তিনি নিজে উপস্থিত থেকে এ কর্মসূচির সূচনা করবেন।
এ ছাড়া মসজিদ-মাদ্রাসার খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সম্মানী ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ফলাফল ঘোষণার আগপর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একদিনের কষ্টের বিনিময়ে আগামী পাঁচ বছরে ধাপে ধাপে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।

জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম। জনসভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমী।

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
আতিক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

আতিক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২