*রূপগঞ্জে অটো পার্কিং নিয়ে বিরোধ, ব্যবসায়ীর মারধরে প্রাণ গেল চালকের*
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে অটোরিকশা পার্কিংকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর মারধরে আবদুল লতিফ (৬৬) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ পোড়াগাও এলাকার বাসিন্দা। তিনি রূপগঞ্জের বরপা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি টায়ার মেরামতের দোকানের সামনে অটোরিকশা রেখে পাশেই যান লতিফ। কিছুক্ষণ পর ফিরে এলে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে দোকান মালিক জসিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজিত হয়ে জসিম লতিফকে কিল-ঘুষি মারতে থাকেন, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
A H M Hafizul Bari