রূপগঞ্জে তেলের ড্রামবোঝাই ট্রাকে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তেলের ড্রামবোঝাই একটি ট্রাকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তাররা হলেন— মো. সেকান্দার (৪০), কিশোরগঞ্জ জেলার শামসুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের রূপসী বাগবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরজন রন চন্দ্র শীল (৩০), আড়াইহাজার থানার মৃত গেনেন্দ্র চন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এলিট মিলস সংলগ্ন সড়কে ৮–১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তেলের ড্রামবোঝাই একটি ট্রাকের গতিরোধ করে। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ-এর রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সেকান্দার ও রন চন্দ্রকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং সদস্যদের মধ্যে যোগাযোগের কাজে ব্যবহৃত একটি খেলনা ওয়াকিটকি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাতির সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
A H M Hafizul Bari