*জামদানি শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম*
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, জামদানি শিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে দেশ-বিদেশে গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষ কারিগরদের সম্পৃক্ত করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জামদানি শিল্পের ঐতিহ্য অন্বেষণে তারা সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছেন এবং সেখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিজ্ঞ ও দক্ষ তাঁতিদের যুক্ত করে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চলছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে গবেষণা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পাটশিল্প প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু পাটকল চালু হয়েছে এবং আরও কয়েকটি চালুর প্রক্রিয়ায় রয়েছে। এর ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পাটশিল্প নতুন করে গতি পাবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন। তিনি আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্রও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
A H M Hafizul Bari