*পূর্বাচল ৩০০ ফিট সড়কে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা নিহত**
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদ হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওই স্থানে একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
A H M Hafizul Bari