*অটিজম আক্রান্ত শিশুদের উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন*
দেশের অটিজম আক্রান্ত শিশু ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চিকিৎসা, শিক্ষা এবং পুনর্বাসনে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেছেন, অটিজম আক্রান্তদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে একাধিক প্রকল্প চলমান রয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, অটিজম একটি জন্মগত নিউরোলজিক্যাল অবস্থা, যা রোগ হিসেবে বিবেচিত নয়। সরকার অটিজম আক্রান্ত শিশু ও ব্যক্তিদের বিশেষ সক্ষম হিসেবে দেখছে এবং তাদের স্বাভাবিক জীবনে সম্পৃক্ত করতে শিক্ষা, চিকিৎসা, ফিজিওথেরাপি ও কাউন্সেলিংসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিমন্ত্রী জানান, অটিজম আক্রান্ত শিশুদের উপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৮০০ জন এবং ২০২৪-২৫ অর্থবছরে ২২০ জন শিক্ষক বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া ডাক্তারদের জন্যও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। গত দুই অর্থবছরে শতাধিক চিকিৎসক অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।
তিনি বলেন, অটিজম আক্রান্ত শিশুদের পাশাপাশি তাদের পরিবারের মানসিক স্বাস্থ্যের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। পরিবারের সদস্যদের কাউন্সেলিং ও মানসিক সহায়তা দিতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাতে তারা সামাজিক চাপ মোকাবিলা করে সন্তানদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করতে পারেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ১৪টি ‘অটিজম ও ইনডিভিজুয়াল ডেভেলপমেন্ট সেন্টার’ কার্যক্রম পরিচালনা করছে। এসব কেন্দ্রে শিক্ষা, ফিজিওথেরাপি, পেশাগত প্রশিক্ষণ, পুনর্বাসন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষ সেবা পাচ্ছে।
তিনি বলেন, সরকার চায় অটিজম আক্রান্ত ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠুক এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারুক।
এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খেলাধুলা ও প্যারাঅলিম্পিক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি সমাজের সকলকে অটিজম আক্রান্ত শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান এবং সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
ফারজানা শারমীন বলেন, “অটিজম আক্রান্ত শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করা শুধু সরকারের নয়, পুরো সমাজের দায়িত্ব।
A H M Hafizul Bari