*রূপগঞ্জে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকারে তিন কারবারির আত্মসমর্পণ*
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে তিন ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রূপগঞ্জ থানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে তারা এ প্রতিশ্রুতি দেন। পরে পুলিশ তাদের প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি উপহার দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
আত্মসমর্পণকারী তিনজন হলেন মিন্নত আলী ব্যাপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। এরপর রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক ও অস্ত্র উদ্ধার করে এবং বেশ কয়েকজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এদিকে স্থানীয়ভাবে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধও গড়ে ওঠে। পরিস্থিতির প্রেক্ষাপটে ওই তিনজন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে থানায় এসে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ওই তিনজন স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেন এবং মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশ পক্ষ থেকে জায়নামাজ ও টুপি উপহার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
A H M Hafizul Bari