শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, দৌলতপুরে শিক্ষক আটক
//কুষ্টিয়া) প্রতিনিধিঃ- //
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোঃ গোলাম কিবরিয়া লালন (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া লালন ওই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। তিনি প্রাগপুর পশ্চিমপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয়ে দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষক শ্রেণিকক্ষে বলেন, “যে ব্যক্তি বাংলা উচ্চারণই করতে পারে না, সে দেশের প্রধানমন্ত্রী হয় কী করে?”
শিক্ষকের এমন মন্তব্যের পর শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। বিষয়টি পরবর্তীতে সংশ্লিষ্টদের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। তাঁর ভাষণে বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
তবে শ্রেণিকক্ষে শিক্ষকের বক্তব্যের বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের প্রকৃত ঘটনা ও বক্তব্যের প্রেক্ষাপট তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয় রয়েছে।
এ ঘটনায় শিক্ষককে আটক করার পর বিদ্যালয় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া তদন্তের পর নির্ধারণ করা হবে।
A H M Hafizul Bari