খুলনায় কর্তব্যরত অবস্থায় রেলওয়ে পুলিশের কনস্টেবলের আত্মহত্যা
খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা এবং শৈলেন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাস ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, দায়িত্ব পালনকালে নিজ অস্ত্র ব্যবহার করে সম্রাট বিশ্বাস আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
A H M Hafizul Bari