আন্তর্জাতিক বাণিজ্য মেলা
তরুণী ও নারীদের পছন্দের শীর্ষে প্রসাধনী স্টল ॥ নকল পণ্যে উদ্বেগ
এম.এ মোমেন:
বাণিজ্য মেলার প্রসাধনী স্টল নারীদের পছন্দের শীর্ষে রয়েছে। তবে নকল পণ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা। মেলায় ঘুরে-ফিরে, ছবি তুলে নারীরা ছুটে আসেন প্রসাধনীর স্টলে। সেখানে ভিড় লেগেই থাকে। তারা যেন প্রসাধনী ক্রয় করতেই মেলায় এসেছেন। কোন কোন স্টলে নকল পণ্য বিক্রির কারণে ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।
বাণিজ্য মেলা যতই সামনের দিকে আগাচ্ছে, ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে। আগে শুধু ছুটির দিনগুলোতে ভিড় থাকলেও এখন অন্যান্য দিনেও মেলা বেশ জমজমাট। তবে এখন ক্রেতা-দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্যের স্টলগুলোতেই বেশি ভিড় করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলার প্রসাধনী স্টলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারীরা ভিড় করছেন। কেউ পণ্য দেখছেন। কেউ-বা পছন্দের প্রসাধনী কোন দেশের তৈরি তা জানতে চাচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না আগ্রহ নিয়ে জানছেন। তবে মেলার প্রসাধনী স্টলে নকল পণ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা। প্রসাধনীর স্টলগুলোতে নারীদের বেশ ভিড়। তারা এক স্টল থেকে আরেক স্টল ঘুরে পছন্দের পণ্য দেখছেন। এসব স্টলে বেশির ভাগই নারী বিক্রয়কর্মী। এতে সহজেই পছন্দের পণ্য পেতে ক্রেতাদের সুবিধা হচ্ছে।
মেলায় বিভিন্ন ধরণের প্রসাধনীর মধ্যে আইশ্যাডো, হেয়ার জেল, সানস্ক্রিম, আইলাইনার, মাস্কারা, কাজল, লিপস্টিক, অলিভ অয়েল, ইমিটেশনের চুড়ি, আংটি, কানের দুল, পায়েল, গলার চেইন, হার, নাকফুল, ব্রেসলেট, টিকলি, হাতের বালা নারী ক্রেতাদের পছন্দ। এসব পণ্যের স্টল ও প্যাভিলিয়নে নারীদের ভিড় লেগেই থাকে। বিক্রিও হচ্ছে প্রচুর।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ধরণের প্রসাধনীর মধ্যে আইশ্যাডো, পায়েল, গলার চেইন, ইমিটেশনের চুড়ি, মাস্কারা, লিপস্টিক, কানের দুল, সানক্রিম, নাকফুল, ব্রেসলেট, আইলাইনার, কাজল, অলিভ অয়েল, আংটি, হার, হেয়ার জেল, টিকলি, হাতের বালা নারী ক্রেতাদের পছন্দ। এসব পণ্যের স্টল, মিনি প্যাভিলিয়ন ও প্যাভিলিয়নে নারীদের ভিড় লেগেই থাকে। বিক্রিও হচ্ছে প্রচুর। তবে অধিক মুনাফার আশায় একটি অসাধু চক্র নকল প্রসাধনী মেলায় বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
মেলার কোন কোন স্টলে নকল পণ্য বিক্রি হচ্ছে এমন অভিযোগে ব্যবসায়ীরা বলেছেন, প্রসাধনসামগ্রী কেনার ক্ষেত্রে ক্রেতাদের সচেতন হতে হবে। তাদের দেখেশুনে কিনতে হবে। নকল পণ্য বিক্রেতাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সহযোগিতা করতে হবে। তবেই নকল পণ্য বিক্রেতারা অসাধু কাজ থেকে বিরত থাকবে।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মানসুরা জান্নাত মনিমা বলেন, গুণগত মান ভালো ও ন্যায্য মূল্য পাওয়ায় তিনি বেশকিছু প্রসাধনী সামগ্রী ক্রয় করেছেন।
কুমকুম প্রসাধনী স্টলের বিক্রয় প্রতিনিধি সোনিয়া আক্তার বলেন, নকল প্রসাধনসামগ্রী ব্যবহার করলে এলার্জি ও ক্যানসারের ঝুঁকিতে পড়তে হবে। যে কারণে ভালো মানের প্রসাধনসামগ্রী কিনতে হবে।
মরিয়ম জুয়েলারীর বিক্রয় প্রতিনিধি অধরা বিন্তে সফিক বলেন, কম দামের প্রসাধনী কিনলে তা কখনোই মানে ভালো হবে না। মেলায় তাদের প্রসাধনী বিক্রি হচ্ছে অনেক।
স্মৃতি ফ্যাশন জুয়েলারীর আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা মেলার স্টলে বিক্রির পাশাপাশি অনলাইনেও ক্রেতাদের কাছ থেকে পণ্যের অর্ডার নিচ্ছেন।
রিভানা কসমেটিক্সের সাবিহা বর্ষা বলেন, মেলায় বিভিন্ন প্রসাধনসামগ্রীর মধ্যে তাদের সাওয়ার জেল, বডি স্প্রে, পারফিউম, শ্যাম্পু, লোশন, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা, কাজল, লিপস্টিকের চাহিদা বেশি।
হ্যাভেন হারবাল স্টলের মনছুর হোসেন বলেন, বলেন, চোখের নিচের ফোলাভাব, কালো দাগ ওঠাতে আইব্যাগও বিক্রি হচ্ছে প্রচুর। পুরুষেরা মেলা থেকে হেয়ারজেলসহ কেউ কেউ পরচুলাও কিনছেন। মেলায় হারবালের উৎপাদিত প্রসাধনীর চাহিদাও বেশ।
জেপি জুয়েলারী স্টলের বিক্রয় প্রতিনিধি আনিকা মন্ডল বলেন, ইমিটেশনের চুড়ি, আংটি, কানের দুল, পায়েল, গলার চেইন হার, নাকফুল, ব্রেসলেট, টিকলি, হাতের বালা দেদার বিক্রি হচ্ছে। বিক্রিও হচ্ছে প্রচুর।
রাজধানীর বাড্ডা থেকে মেলায় এসেছেন গৃহবধূ জাহানারা বেগম। তিনি বলেন, মেলা থেকে শাড়ি ও জামার রঙের সঙ্গে মিলিয়ে প্রয়োজনীয় প্রসাধনী কিনেছেন। পণ্যের দাম একটু বেশি। তবে মান ভালো।
নারায়ণগঞ্জের একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, প্রসাধনীর পাশাপাশি মেলায় ভালো মানের ইমিটেশনের অলংকার পাওয়ায় কিনেছি। ইমিটেশনের গহনাগুলোর ডিজাইন খুব পছন্দ হয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ থেকে স্বপরিবারে মেলায় এসেছেন শিক্ষিকা হাসিনা আক্তার । তিনি বলেন, আগামী এক বছরের চাহিদা অনুযায়ী মেয়াদ দেখে প্রসাধনী কিনেছেন। মান ভালো হওয়ায় এবং দাম হাতের নাগালে থাকায় এসব পণ্য কিনেছেন বলে জানান তিনি।
মেলার আয়োজক বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব তরফদার সোহেল রহমান বলেন, মেলায় তরুণী ও নারীদের আগমন বেশি। তাই আগেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বখাটেদের মেলায় কিংবা আশপাশে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কঠোর। ফলে নারীদের আগমনে মেলা মুখরিত হয়ে উঠছে।
A H M Hafizul Bari