রূপগঞ্জে ব্যবসায়ী হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় হেকমত আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আদালত একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অপর আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ (৩০) রূপগঞ্জের মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে। কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামি তার ভাই মাহফুজুর রহমান (২৬)।
মামলার এজাহার অনুযায়ী, হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে এবং ভুলতা নুর ম্যানশন মার্কেটে ‘হাসান এন্টারপ্রাইজ’ নামের মোটর পার্টস দোকানের মালিক ছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরবর্তীতে ১৪ এপ্রিল হেকমত আলীর স্ত্রী রোকসানা বেগম দোকানের কর্মচারী রফিকুল ইসলাম সবুজ, তার ভাই মাহফুজুর রহমান, মামুন মিয়া ও বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম সবুজ হত্যার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে সিমেন্ট দিয়ে ঢালাই করে একটি ড্রামে বন্ধ করে রাখে এবং পরে সেটি একটি মাছের খামারে ফেলে। তিন মাস পর নিহতের লাশ উদ্ধার হয়।
আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।
A H M Hafizul Bari