আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে সিইসিকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
শুনানি শেষে তিনি বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই আদেশ বাস্তবায়ন করা হয়নি। ফলে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হয়।
জানা গেছে, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করেন।
A H M Hafizul Bari