বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব ক্ষমতার উৎস জনগণ—এই বিশ্বাস থেকেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।
নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং ফরিদপুরকে বিভাগ করা হলে যদি তা জনগণের উপকারে আসে ও উন্নয়ন ত্বরান্বিত হয়, তাহলে ফরিদপুরকে বিভাগ হিসেবে গঠন করা হবে।
ফরিদপুর অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা নদীভাঙনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীসহ সংশ্লিষ্ট নদীভাঙনের কার্যকর ও স্থায়ী সমাধান করা হবে।
কৃষিখাতে পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য বিশেষ কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সহজে বীজ, সার ও কীটনাশক সংগ্রহ করা যাবে।
নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিএনপি ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি গ্রাম ও শহরের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
পানির সংকট নিরসনে ফরিদপুর অঞ্চলে পদ্মা সেতু সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন তিনি।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন এবং ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটিয়ে স্বাধীনতা রক্ষা করা হয়েছে।
একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি গুপ্ত দলের নেতা মা-বোনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ইতিহাস সাক্ষী—১৯৭১ সালেও তাদের ভূমিকা ছিল কলঙ্কজনক।
ভাষণে দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সঠিক নীতি ও সুশাসন থাকলে কৃষি, শিল্প ও কর্মসংস্থানে দক্ষিণাঞ্চল দেশের অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হতে পারে।
তরুণদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও।”
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ফরিদপুর জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জনসভাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, ফরিদপুরের এই জনসমাগমই প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়। দীর্ঘদিন পর এমন বড় রাজনৈতিক সমাবেশ ফরিদপুরের রাজনীতিতে নতুন গতি এনেছে। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
A H M Hafizul Bari