ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে রূপগঞ্জের দুই বন্ধুর করুণ মৃত্যু
নূর নবী,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
কক্সবাজারে ভ্রমণে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অপর পাঁচজন আহত হয়েছেন।
আজ রোববার ২২ মার্চ ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাবো এলাকার ইয়ামিন হোসেন (২৪) ও আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাস(২৬)। ইয়ামিন হোসেন ভুলতা গাউছিয়া মার্কেটে স্টার টেইলার্সের মালিক ছিলেন। উজ্জ্বল বিশ্বাস একটি জুতা কারখানায় কর্মরত ছিলেন এবং সিংলাবো এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঈদের রাতে ৬ বন্ধু তিন মোটরসাইকেলে কক্সবাজারে ভ্রমণের উদ্যেশে রওনা দেন। পথে ফেনী-রামপুর অংশে সড়ক সংস্কারকাজ চলায় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে একটি শ্যামলী পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে যানজট সৃষ্টি হয়। পরে চালকদের মধ্যে বাকবিতণ্ডার সময় পেছনে মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন আটকা পড়ে।
এ অবস্থায় দ্রুতগতির একটি দোয়েল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে জটলার মধ্যে ঢুকে পড়লে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ তিনজন নিহত হন। তাদের মধ্যে ইয়ামিন ও উজ্জ্বলের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
আহতদের মধ্যে রূপগঞ্জের মাহমুদুল হাসান দিপু ও নাজমুল হাসানসহ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
A H M Hafizul Bari