মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ হাতিয়ায় ১২ পাচারকারী আটক
আমির হামজা হাতিয়া (নোয়াখালী)
সংবাদদাতাঃ চোরাচালানবিরোধী অভিযানে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়।
এ ঘটনায় কোস্ট গার্ড সদস্যরা ১২ জন পাচারকারীকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—হাতিয়ার চৌমুহনী বাজার এলাকার মো. হানিফ (৩০) ও মুসাপুর এলাকার মো. জামশেদ উদ্দিন (৪৩); লক্ষ্মীপুরের মধ্যম চরউবোতি এলাকার মো. সোহেল আলম (৩৫), মো. শাহ আলম (৩০), মো. আকবার হোসেন নিলয় (১৮), মো. জাফর (১৭), মো. জাবেদ মুন্সি (২৬), দিদার হোসেন (৩২) ও মো. শাহ আলম (৪৮); বাগেরহাটের মোহাম্মদ ইব্রাহিম ফরাজী (৪০); পিরোজপুরের শামীম আহাম্মেদ (২৫) এবং লক্ষ্মীপুরের মো. ইব্রাহিম (৪৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত সিমেন্ট, দুটি বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
A H M Hafizul Bari