রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে ফের মহাসড়ক দখলমুক্ত করলো প্রশাসন।। আটক- ১১
নূর নবী,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহাসড়ক অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে । গতকাল ৩১ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জন অবৈধ দখলদারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
অভিযানে ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় দুই শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের উপর রক্ষিত নির্মাণসামগ্রী উচ্ছেদ করে দোকানপাট বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মালামাল।
অভিযানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ, আনসার অংশ নেয় ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা ইতোমধ্যেই অনেকবার অভিযান পরিচালনা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল জরিমানা ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
A H M Hafizul Bari