হাতিয়ায় গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড
আমির হামজা হাতিয়া সংবাদদাতাঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ অভিযানিক দল চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি করে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম জুয়েল রানা (৩০) তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর এলাকার চকলক্ষীপুর গ্রামের মৃত মোঃ আলী মিয়ার ছেলে।
জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ড সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
A H M Hafizul Bari