রূপগঞ্জে জুয়া বাণিজ্য: শতাধিক স্পটে প্রতিদিন কোটি টাকার লেনদেনের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্য ও গোপনভাবে প্রতিদিন বসছে জুয়ার আসর—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, উপজেলার প্রায় হাজারো স্পটের মধ্যে অন্তত ৭৮টি স্থানকে স্থানীয়ভাবে ‘পারমিটেড’ বা প্রকাশ্য স্পট হিসেবে চিহ্নিত করা হয়। বাকি আসরগুলো পরিচালিত হয় আড়ালে-আবডালে।
স্থানীয়দের ভাষ্য, এসব জুয়ার আসরে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার খেলা হয়। মাসে লেনদেনের পরিমাণ দাঁড়ায় আনুমানিক ৪২ কোটি টাকা, যা বছরে ৪০০ কোটিরও বেশি ছাড়িয়ে যায়। যদিও এ অর্থের পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, এসব জুয়ার আসর থেকে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ বখরা হিসেবে আদায় করা হয়। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নিয়মিত মাসিক সুবিধা পান—এমন অভিযোগও রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, জুয়ার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বাড়ছে। অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা একাধিকবার থানায় অভিযোগ করেও কার্যকর পদক্ষেপ পাননি বলে দাবি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, জুয়ার আসর বন্ধে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া হোক এবং অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।
A H M Hafizul Bari